গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকাডুবি: একজনের মৃত্যু, নিখোঁজ দুই
- আপডেট সময় : ১২:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪০৯ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকাডুবি: একজনের মৃত্যু, নিখোঁজ দুই
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জিতেন মণ্ডল (৬০)। তিনি কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা অভিযান চালাচ্ছেন।
স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) মারা যান। তার মরদেহ সমাহিত করতে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি রেখে আত্মীয়-স্বজন আনতে পারে আসে। পরে প্রায় ২০-২৫ জন আত্মীয় ওই নৌকায় উঠে মরদেহ সৎকারের উদ্দেশ্যে নদী পার হচ্ছিলেন। এসময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। স্থানীয়রা পরে জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, “নৌকাডুবিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”




















