ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবি’র কড়া নিরাপত্তা
- আপডেট সময় : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবি’র কড়া নিরাপত্তা
ময়মনসিংহ ও শেরপুরে টহল বৃদ্ধি, চেকপোস্টে নজরদারি
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১২ ডিসেম্বর অজ্ঞাত আততায়ী গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানে টহল বৃদ্ধি করেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
এই কার্যক্রমের মাধ্যমে সীমান্তে সার্বিক নজরদারি জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমেও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ব্যাটালিয়ন শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”




















