নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক
- আপডেট সময় : ০৯:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা; পাসপোর্ট অধ্যাদেশে ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলার ছয়জন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ছয়জন রয়েছেন। তারা হলেন—ইমদাদুল (২৯), আক্তারুল (২০), মিনারুল (১৯), শামীম (২৩), আব্দুল করিম (২১), শওকত (৩৫), ইউসুফ (২১), আলামিন (২৪), আব্দুল্লাহ (২৫), হাসান (২৫), রুবেল (৩০) ও মেসবাউল (২০)।
বিজিবি জানায়, বৈধ পাসপোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।





















