পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি
- আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজে চলছে লুকোচুরি। দিনে রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। আবহাওয়ার এমন পরিবর্তনে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের কয়েক দিন তাপমাত্রা ১৫ দশমিক ২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।
আবহাওয়া অফিসের তথ্যে আরও বলা হয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশের ঘরে ওঠানামা করছে। গত ১২ নভেম্বর জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবার আকাশে রোদ ও মেঘের লুকোচুরি দেখা গেছে। দিনের বেলায় রোদের কারণে হালকা গরম অনুভূত হলেও রাতে শীতের আমেজ বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, দিনে রোদের কারণে শীতের অনুভূতি কম থাকে। অন্যদিকে সন্ধ্যার পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশা থাকায় রাতে শীত অনুভূত হয়। এমন পরিস্থিতি আরও এক-দুই দিন থাকতে পারে। এরপর শীতের প্রবণতা বাড়তে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
এদিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, এখনো হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়েনি। প্রতিবছর এ সময়ে যে পরিমাণ রোগী দেখা যায়, এবার এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি। রোগী থাকলেও সংখ্যা খুবই কম। তবে শীত বাড়লে পরিস্থিতি কী হবে, তা এখনই অনুমান করে বলা সম্ভব নয়।





















