বাগাতিপাড়ায় ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
- আপডেট সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা, জীবনচক্রে পুষ্টির গুরুত্ব, বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণ এবং পুষ্টিকর খাবারের উৎস ও বিপণন বিষয়ে আলোচনা করা হয়।
বারটানের কর্মকর্তারা জানান, জনগণের পুষ্টির মান উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরিতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বারটানের সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মজিদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নাটোরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায় এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী।
এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা আক্তার ও নুসরাত সাদিয়া শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদসহ বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।



















