ইবি শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় দুই শিক্ষক ও এক কর্মকর্তা অভিযুক্ত
- আপডেট সময় : ০৭:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩১২ বার পড়া হয়েছে

ইবি শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় দুই শিক্ষক ও এক কর্মকর্তা অভিযুক্ত
স্বামীর করা মামলায় চারজন আসামি; পরিকল্পিত হত্যার অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় দুই শিক্ষক ও এক কর্মকর্তাসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহত শিক্ষকের স্বামী ইমতিয়াজ সুলতান এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
মামলায় ঘটনার সময় একই কক্ষে আত্মহননের চেষ্টারত কর্মচারী খন্দকার ফজলুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সমাজকল্যাণ বিভাগের তহবিলের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে বিরোধের জেরে আসমা সাদিয়া রুনার সঙ্গে বিভাগের কিছু শিক্ষক ও কর্মকর্তার দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে তাকে বিভিন্ন সময় অসহযোগিতা ও হয়রানি করা হয়।
এজাহারে বলা হয়, গত ৪ মার্চ বিভাগের আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে আসমা সাদিয়া রুনা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের দ্বিতীয় তলার সমাজকল্যাণ বিভাগের ২২৬ নম্বর কক্ষে নিজ অফিসে অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তদের প্ররোচনায় ফজলুর রহমান ধারালো ছুরি নিয়ে তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে তাকে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


























