দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
Father-in-law arrested in Jamalpur in connection with housewife murder case in Debiganj – Photo collected

দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার
যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ; ইসলামপুরে যৌথ অভিযান চালায় এসআরবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মো. দেলোয়ার হোসেনকে (৫৫) জামালপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবির ১৪ নম্বর ইউনিট (সিপিসি-১, জামালপুর) ও ১৩ নম্বর ইউনিটের (সিপিসি-২, নীলফামারী) একটি দল এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত-আট মাস আগে দেবীগঞ্জ উপজেলার খণ্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. শাহিনুর ইসলামের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হলে মেয়ের পরিবার কিস্তিতে তিন লাখ ২০ হাজার টাকা দেয়। বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন অব্যাহত থাকে। একপর্যায়ে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ওই গৃহবধূকে মারধর করেন এবং পরে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১০।
এসআরবি জানায়, ঘটনার পর থেকে মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।




















