রাজশাহীর বাগমারার সাবেক এমপি কালাম কারাগারে
- আপডেট সময় : ০৭:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারার সাবেক এমপি কালাম কারাগারে
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কালাম আজাদকে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক সাইফুল ইসলাম। এর আগে গত বুধবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহীর বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মোঃ আমান উল্লাহ জানান, আদালত থেকে বের করা হলে বিক্ষুব্ধ জনতার একজন সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। তবে হেলমেট পরে থাকায় রক্ষা পান কালাম। পরে পুলিশ দ্রুতই তাকে প্রিজন ভ্যানে তুলে নেন।
জানা যায়, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ আগে বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর মেয়রের পদ থেকে পদত্যাগ করে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে স্ত্রী খন্দকার শাইলা পারভীনকে পৌরসভার মেয়র করেন তিনি। এমপি হওয়ার পরে মাত্র সাত মাসেই বাগমারায় অন্তত তিন হাজার একর পুকুর কেটে শত কোটি টাকা হাতিয়ে নেন কালাম এবং তার সাঙ্গপাঙ্গরা। এর বাইরে তিনি মেয়র থাকাকালিন পৌরসভার কোটি কোটি টাকা তোছরুপ করেন বলেও অভিযোগ রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচটি মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র্যাবের হাতে আটকের পর তাকে সব মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি তৌহিদুল ইসলাম।























