নাটোরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুটি পুড়িয়ে হত্যা মামলার এজাহার দাখিল
- আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

নাটোরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুটি পুড়িয়ে হত্যা মামলার এজাহার দাখিল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে নাটোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলার জন্য পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইন এর পিতা জেলা জামায়াতের সাবেক সাধারন সম্পাদক ও সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও নিহত শরিফুল ইসলাম মোহন এর বড় ভাই এস এম সেলিম মাসুম এজাহার দুটি দাখিল করেন। দেলোয়ার হোসেন খান জেলা জামায়াতের সাবেক সাধারন সম্পাদক ও নাটোরর সিটি কলেজের অধ্যক্ষ।
এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সরকার পতনের দিন ৫ আগষ্ট দুপুরে আসামীরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হত্যার উদ্দেশ্য অপহরন করে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটকিয়ে রাখে মিকদাদ ও মোহনসহ আরো কয়েকজন আন্দোলনকারীকে। বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যায় শিমুল। এসময় মিকদাদ ও মোহন বের হতে না পেরে ঘরে দেয়া আগুনে পুড়ে মারা যায়। এঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলার এজাহার দাখিল করা হয়।
নাটোর সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, এজাহার দুটি গ্রহন করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।






















