তানোরে পরকীয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে হত্যা!
- আপডেট সময় : ০২:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে

তানোরে পরকীয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে হত্যা!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর তানোরে মেম্বারের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় যুবলীগ কর্মী জিয়াউল ইসলামকে। এমনই স্বীকারক্তি দিয়েছে এই হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৫ জন। জিয়াউল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত ৫ জনকে ঢাকা ও কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- তানোর উপজেলার লালপুর এলাকার হাবিবুরের ছেলে হাকিম বাবু তার ভাই আবুল হাসান ওরফে হাসান মেম্বার ও শাহীন, একই এলাকার লুৎফরের ছেলে রাসেল এবং সাইদুর রহমানের ছেলে সুফিয়ান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন আবুল হাসান ওরফে হাসান মেম্বার। কিন্তু হাসান মেম্বারের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই সুমি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিয়াউল ইসলামের। বিষয়টি বুঝতে পেরে জিয়াউলকে সতর্ক করে হাসান মেম্বার। পরে ডিপ টিউবওয়েলের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা বেড়ে যায়। এছাড়াও হাসান মেম্বারের সার-কীটনাশকের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলাও করে হাসান মেম্বার। এসকল ঘটনাকে কেন্দ্র করে গত ২১শে ফেব্রুয়ারী রাতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে জিয়াউলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে নিহত ভিকটিমের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে তানোর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানান, ওই মামলার প্রেক্ষিতে জিয়াউলকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী। পরে বুধবার রাতে ডিএমপির মিরপুর মডেল থানা এলাকা থেকে বাবু ও সুফিয়ানকে গ্রেফতার করে র্যাব। অপরদিকে একই রাতে র্যাবের অপর একটি আভিযানিক দল বাকি তিনজনকে কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তদের তানোর থানায় হস্তান্তর করা হলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ বলেও র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।






















