পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী
- আপডেট সময় : ১০:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী
শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন পানি সম্পদমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড়ে ফিতা কাটা ও ম্যারাথন দৌড় কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়। এতে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে অংশ নেন মন্ত্রী। তিনি প্রায় পাঁচ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে পৌঁছান। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দ। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পানি সম্পদমন্ত্রী বলেন, ডায়াবেটিস বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ রোগের ঝুঁকি এখন শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক অংশগ্রহণও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে রাতের খাবারের পর হাঁটার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের অভ্যাস বজায় রাখতে হবে।





















