আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা
- আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার নিরাপত্তা ও ট্রাফিক আইনসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। মাদক সব অপরাধের মূল। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর মাধ্যমেই একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
বাল্যবিবাহের কুফল তুলে ধরে তিনি বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে। ১৮ বছরের কম বয়সী মেয়েদের এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। এ ধরনের ঘটনা ঘটলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অথবা নিকটস্থ থানায় জানানোর পরামর্শ দেন তিনি।
আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ কিংবা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। হতাশ লাগলে পরিবার, শিক্ষক বা পুলিশের সঙ্গে কথা বলতে হবে।
এছাড়া সাইবার নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষার উপায় এবং ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে ‘সততা স্টোর’-এর ধারণাও তুলে ধরা হয়।
আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা তুলে ধরে। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর এবং ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















