রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আপডেট সময় : ১০:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মহুয়া জান্নাত মনি, রাঙামাটিঃ
রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পরিষদের অ্যানেক্স ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া। সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মোহাম্মদ, রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মং ক্যউ চিং মারমা সাগর, ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা পরিষদ সদস্য সুপর্ণ দেব বর্মন এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমাসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরেন। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভা শুরুর আগে প্রেজেন্টেশনের মাধ্যমে রাঙামাটি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প, পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা সভার আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতামূলক তথ্য দেওয়া হয় এবং ব্যবহারিকভাবে হাত ধোয়ার নিয়ম তুলে ধরা হয়।






















