মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশি পিস্তল, গুলি, শটগানের কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম মাঝি মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগেশ্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দাম মাঝির দখল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, শটগানের কার্তুজ ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সাদ্দাম মাঝির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















