সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী
- আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী
নওগাঁর সাপাহার সাপাহারে শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) এলাকায় জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবির (বেওয়া) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেছেন।
জানা গেছে, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়কে জমে থাকা পানি অসহায় মরিয়ম বিবির বাড়িতে ঢুকে পড়ায় তাঁর বসতঘরের এক পাশ ধসে যায় এবং পুরো বাড়িটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।
ইউএনও রোমানা রিয়াজ জানান, সংবাদ প্রকাশের পরপরই ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মানবিক সহায়তা হিসেবে মরিয়ম বেওয়াকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বলেন, তাৎক্ষণিক সহায়তা প্রশংসনীয় হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কের দ্রুত সংস্কার জরুরি।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতার কারণে কোনো পরিবারকে এমন দুর্ভোগের শিকার হতে না হয় এবং এলাকার মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়।



















