বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
১১ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য, চলবে ১০ মে পর্যন্ত
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এর মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, এমওডিসি ডা. মো. আবু নওয়াজ আল নাহিদ, স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, এমটি (ইপিআই) দানিউল ইসলামসহ নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কার্যদিবস এই ক্যাম্পেইন চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
এই কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১১ হাজার ৩৪৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো উপজেলায় ১২০টি অস্থায়ী কেন্দ্র এবং ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্ধারিত সময় অনুযায়ী সকল অভিভাবককে তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।




















