বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল
- আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩১২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জরিমানাও আদায়
নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামে অভিযান চালায়।
অভিযানে খোরশেদ আলমের ছেলে একাববর (৫৩)-কে গাঁজাসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং এক হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, কারও কাছে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।




















