রাজশাহীতে ভু/য়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে ভু/য়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার
নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণা, বিয়ের প্রলোভনে আপত্তিকর ছবি-ভিডিও ধারণের অভিযোগ
রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী শাহিনুর ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান। এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আরএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এমন তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেন এবং একটি পরিচয়পত্রও দেখান। তবে তার বক্তব্যে অসংগতি ধরা পড়লে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। এর একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহিনুর দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেই দৃশ্য ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে।
তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, প্রতারণার মাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে এসব ছবি ও ভিডিও নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেছেন।
এ ঘটনায় শাহিনুর ইসলামের বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
















