বায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

বায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
“খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্যে রাজশাহীতে দিনব্যাপী আয়োজন
“খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদনে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম তরুণ সমাজকে মাদকাসক্তি ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার মধ্য দিয়ে একটি সচেতন, মানবিক ও শক্তিশালী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান, বিভাগীয় উপ-মহাপুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান (পিপিএম-বার), পিএইচডি এবং রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন।




















