রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল বাতিল ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল বাতিল ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
৩৮ দফা দাবিতে স্বার্থ সংরক্ষণ কমিটির কর্মসূচি; দুর্নীতি-দুর্ব্যবস্থার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক ‘ভৌতিক বিল’ বাতিল, শহরের বিভিন্ন পয়েন্টে চলমান যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ এবং রামেক হাসপাতালের চিকিৎসাসেবা উন্নতিসহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও নেসকোর প্রিপেইড মিটারের অস্বাভাবিক ও ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, দ্রুত প্রিপেইড মিটারের ত্রুটি দূর করা, অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু করা, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করা এবং কোচিং ব্যবসা বন্ধ করে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। রামেক মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।
সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতে অনিয়ম, রাস্তাঘাটের বেহাল অবস্থা, ফুটপাত দখল ও বেআইনি পার্কিংয়ের কারণে নগরের চলাচল দুরূহ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় পুলিশি টহল জোরদার এবং শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—এ্যাড. এনামুল হক, আহ্বায়ক; মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব; ড. অসীম হোসেন, উপদেষ্টা; জালাল উদ্দিন, সভাপতি, ভাসানী পরিষদ রাজশাহী; রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক; মো. শরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব; মো. ফ্লয়ার, যুগ্ম আহ্বায়ক।
এছাড়া এ্যাড. হোসেন আলী পেয়ারা, সাধারণ সম্পাদক, নদী বাঁচাও আন্দোলন রাজশাহী; অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর; সুলতান মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট, রাজশাহী চেম্বার অব কমার্স; রবিউল ইসলাম, সভাপতি, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহী; এ্যাড. তৌফিক আহসান টিটু, সভাপতি, নিসচা রাজশাহী জেলা; এবং মো. শফিকুল আলম সমাপ্ত, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা ও যুগ্ম আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নাগরিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।























