পঞ্চগড়ে সাবেক এমপির নির্মাণাধীন বাড়ি থেকে তিন জুয়াড়ি আটক
- আপডেট সময় : ০৩:৪১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩১৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সাবেক এমপির নির্মাণাধীন বাড়ি থেকে তিন জুয়াড়ি আটক
তিনজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড
পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়ে তাদের জেল হাজতে পাঠিয়েছে।
আটকরা হলেন— পঞ্চগড় পৌর এলাকার গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন মনু (৫৩), মাহবুব আলমের ছেলে রুবেল (৪৮) এবং আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) রাতে জেলা শহরের কায়েতপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এক সময়ের শ্রমিক নেতা মনির হোসেন মনু দীর্ঘদিন ধরে স্থান পরিবর্তন করে বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল বলে জানা গেছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নগদ ৬ হাজার ৫২০ টাকা, ছয় সেট তাসের কার্ড ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান মনির হোসেন মনুকে ১৫ দিনের, রুবেলকে ১০ দিনের এবং মাসুদ রানাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।























