সিংড়ায় পুলিশি তল্লাশীতে ইঞ্জিনিয়ারের গাড়ি থেকে প্রায় ৩৭ লাখ টাকা জব্দ, ইঞ্জিনিয়ারের দাবি জমি বিক্রির বৈধ টাকা!
- আপডেট সময় : ০২:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

সিংড়ায় পুলিশি তল্লাশীতে ইঞ্জিনিয়ারের গাড়ি থেকে প্রায় ৩৭ লাখ টাকা জব্দ, ইঞ্জিনিয়ারের দাবি জমি বিক্রির বৈধ টাকা!
নাটোরের সিংড়ায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশী চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নিবার্হী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ২টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে তল্লাশীকালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয়।
তবে ওই নিবার্হী প্রকৌশলীকে আটক না করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই নিবার্হী প্রকৌশলী মোঃ সাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসমাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী কার্যক্রম চালায় পুলিশ। এসময় গাইবান্ধা থেকে রাজশাহীগামি একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশীকালে ওই গাড়ির ব্যাক ডালায় প্রায় ৩৭ লাখ টাকার সন্ধ্যান পাওয়া যায়। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা সহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি বলেন, এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলাম পুলিশকে প্রথম দিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ আছে। পরে গননা করে আরো ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টি উদঘাটন করার চেষ্টা চলছে।
তবে এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলামের দাবি করে বলেন, গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নিবার্হী প্রকৌশলী হিসাবে তিনি কর্মরত আছেন। জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।























