সমান অধিকারের ভিত্তিতে উন্নয়নের অঙ্গীকার- নাটোরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে হুইপ দুলু
- আপডেট সময় : ১১:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

সমান অধিকারের ভিত্তিতে উন্নয়নের অঙ্গীকার- নাটোরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গড়ে তুলে সমান অধিকারের ভিত্তিতে নাটোরসহ সমগ্র বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের শংকরভাগ বাজারে মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপযুক্ত পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যারা এখনও ফ্যামিলি কার্ড পাননি, আগামী এক বছরের মধ্যে তাদের ঘরে ঘরে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সার, উন্নতমানের বীজ, কীটনাশক এবং বিনা সুদে কৃষিঋণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অ্যাডভোকেট দুলু বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-সব ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করবেন। সরকারি দল-বিরোধী দল কিংবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সমতা, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব এবং শংকরভাগ বাজার কমিটির সভাপতি নারায়ণ তেলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরা।
এর আগে হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এম. রুহুল কুদ্দুস তালুকদার মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।



















