লালপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২০ জন আটক
- আপডেট সময় : ০১:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২০ জন আটক
নাটোরের লালপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, হ্যাকিং ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (৯ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়।
লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি যৌথ দল শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক এবং হ্যাকিং–সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী আরআরএফের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেলের মাহমুদা আক্তার নেলি, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম এবং সিংড়া থানার ওসি মমিনুজ্জামান।
অভিযান চলাকালে পদ্মা নদীর চরের একটি ঝুপড়ি ঘর থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পদ্মা নদীর চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।” আটক ব্যক্তিদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।




















