রাণীশংকৈলে নকল কীটনাশক বিক্রির দায়ে সার-কীটনাশক দোকানে জরিমানা
- আপডেট সময় : ০৬:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নকল কীটনাশক বিক্রির দায়ে সার-কীটনাশক দোকানে জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকের অভিযোগে নকল কীটনাশক বিক্রির দায়ে একটি সার-কীটনাশক দোকানে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই দোকান থেকে দুটি গ্রপের ৫৯ কেজি ৫০০ গ্রাম নকল কীটনাশক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার গোগর বাজারে মেসার্স মুনসুর ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা ও কীটনাশক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ওই দোকানে সত্যতা যাছাই করতে যান কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। পরে মুনসুর ট্রেডার্সে তল্লাশি করা হলে আড়াই কেজি নকল এনট্রাকল এবং নিষিদ্ধ কার্বোফুরান গ্রুপের ব্রিফার ফাইভ জি এর ৫৭ কেজি কীটনাশক জব্দ করা হয়। এসময় ওই দোকানের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক মেসার্স মুনসুর ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম ও রাণীশংকৈল থনার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।




















