রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী
- আপডেট সময় : ০৭:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী
পানির ছিটায় পুরাতন দুঃখ-গ্লানি বিদায়, উৎসবে মিলল পাহাড়ি-বাঙালীর মিলনমেলা
পুরাতন বছরের সব দুঃখ-কষ্ট ও গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব। উৎসবকে ঘিরে শতশত নারী-পুরুষের সমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর মধ্য দিয়েই পাহাড়ের সপ্তাহব্যাপী প্রধান সামাজিক উৎসব—বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই ও চাংক্রান পাতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মারমা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রাঙামাটির চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম মাঠে এ জল উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মারমা সাংস্কৃতিক সংস্থার সাংগ্রাই জল উৎসব কমিটির আহ্বায়ক পাইংচি মং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার একরামুল রাহাত, জেলা প্রশাসক নাজমা আশারাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কোনো বৈষম্য রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে জল উৎসবের উদ্বোধন করা হয়। পরে বাঁশির সুরে শুরু হয় উৎসবের মূল আকর্ষণ পানি খেলা। ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে দলবদ্ধ হয়ে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। তাদের বিশ্বাস, এই পানির ছোঁয়ায় পুরনো বছরের সব দুঃখ-গ্লানি দূর হয়ে যায়।
উৎসবজুড়ে চলে মারমা সম্প্রদায়ের নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। সাংগ্রাইয়ের সবচেয়ে আকর্ষণীয় এই পানি খেলায় অংশ নিতে এবং দেখতে শতশত নারী-পুরুষ, শিশু-কিশোর ভিড় জমান। এতে দূর-দুরান্ত থেকে আগত পর্যটকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পাহাড়ি-বাঙালীর মিলনমেলায় পরিণত হয়।










