প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ১০:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভিডিও কনফারেন্স ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বাগাতিপাড়ার উদ্যোগে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস. বি. সাত্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল করিম এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সরোয়ার মোর্শেদ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

















