রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীর রায়পুরায় কাকন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একটি মাদ্রাসার চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর ৬-৭ জন শিশু কাকন নদীতে গোসল করতে যায়। এ সময় এক শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুরাও নদীর স্রোতে তলিয়ে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে চার শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান তিনজনকেই মৃত ঘোষণা করেন। অপর এক শিশুর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মরদেহগুলো দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।



















