বিএনপির জন্য যারা নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবে দল: দুলু
- আপডেট সময় : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

বিএনপির জন্য যারা নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবে দল: দুলু
নাটোরে ৩৩০ জন দুস্থ ও নির্যাতিত মানুষের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ
জাতীয় সংসদের সাবেক হুইপ ও নাটোর-২ আসনের বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সবসময় অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। যারা বিএনপির জন্য নির্যাতনের শিকার হয়েছেন কিংবা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের পাশে বিএনপি থাকবে।
শুক্রবার জেলা পরিষদ নাটোরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের দুস্থ, অসহায় ও নির্যাতিত ৩৩০ জন মানুষের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “১৯৯১ সাল, ২০০১ সাল কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও বিএনপি সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সাধারণ মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পায় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “যারা বিএনপির জন্য মার খেয়েছে, আক্রান্ত হয়েছে—প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাঁড়াবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ দলীয় নেতাকর্মীরা।

















