বড়াইগ্রামে বৃদ্ধাকে হ=ত্যা করে স্বর্ণালঙ্কার লুট
- আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে বৃদ্ধাকে হ=ত্যা করে স্বর্ণালঙ্কার লুট
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের সরদারপাড়া এলাকায় নিজ বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ (শফি ইঞ্জিনিয়ার) এর সহধর্মিণী। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস।
নিহতের পরিবার জানায়, স্বামীর মৃত্যুর পর থেকে মমতাজ বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে জাকির হোসেন মঞ্জু বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন এবং মেয়ে বেবি আক্তার ঢাকায় থাকেন। বৃদ্ধার দেখাশোনার জন্য সার্বক্ষণিক দুই জন গৃহকর্মী ছিলেন—দিনে সুফিয়া বেগম (৪০) ও রাতে প্রহরী কাজী আবু শামা (৬০)।
ঘটনার দিন সন্ধ্যায় সুফিয়া বেগম কাজ শেষে চলে যান। পরে এশার নামাজ শেষে বাড়িতে ফিরে প্রহরী আবু শামা দেখেন, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মুখ থেঁতলানো ছিল। চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জাকির হোসেন মঞ্জু অভিযোগ করে বলেন,
“ফাঁকা বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে আমার মাকে হত্যা করে তার হাতের বালা-চুড়ি, আঙুলের তিনটি আংটি ও গলার চেইন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যারা নৃশংসভাবে আমার মাকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস বলেন,
“এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। মূল ঘটনা উদঘাটনের জন্য থানা পুলিশ ও পিবিআই মাঠে নেমেছে। অপরাধীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।”




















