আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’
- আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’
রামেক হাসপাতালে শয্যাসংকটে প্রাণ গেল ৬ মাসের শিশু; বাবার কণ্ঠে অসহায় বেদনা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ শয্যার অভাবে ছয় মাস বয়সী শিশু গৌরির মৃত্যুর এক দিন পর তাকে ভর্তির জন্য ফোন দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্তানহারা বাবা সোহাগ কুমার তখন জানান, “এখন আর আইসিইউ লাগবে না, গৌরি সবাইকে ছেড়ে চলে গেছে।”
শরীরে হামের উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে ছটফট করছিল গৌরি। চিকিৎসক দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। কিন্তু গৌরির আগে আরও ২৬টি শিশু অপেক্ষা করছিল আইসিইউর একটি শয্যার জন্য।
দুই দিন অপেক্ষা করেও আইসিইউ না পেয়ে শনিবার (১৮ এপ্রিল) মারা যায় গৌরি। পরদিন রোববার (১৯ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবাকে ফোন করে জানায়, গৌরির আইসিইউর সিরিয়াল এসেছে।
জানা গেছে, গৌরি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চাঁইপাড়া গ্রামের সোহাগ কুমার ও বন্দনা রানীর মেয়ে। সে ছিল তাদের প্রথম সন্তান। গত বুধবার (১৫ এপ্রিল) তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরির বাবা জানান, প্রথমে মেয়েকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেকে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার থেকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসক আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সিরিয়ালে গৌরির অবস্থান ছিল ২৭ নম্বরে।
তিনি বলেন, “দুই দিন ধরে শুধু অক্সিজেনেই রাখা হয়েছিল। মৃত্যুর আধা ঘণ্টা আগে আবার আইসিইউতে গিয়েছিলাম। কিন্তু বলা হলো, সবাই গুরুতর—সিরিয়াল ভাঙা যাবে না। কিছুক্ষণ পরই আমার মেয়ে মারা যায়।”
সোহাগ কুমার আরও বলেন, “ডাক্তাররা আন্তরিক ছিলেন, কিন্তু শয্যাসংকটের কারণে মেয়েকে বাঁচানো যায়নি। আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই। শুধু চাই, শিশুদের জন্য আইসিইউ বেড বাড়ানো হোক।”
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ১৩২টি শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১০ শিশু ভর্তি হয়েছে এবং ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মোট ৬৬১ জন শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ৫২ জন মারা গেছে।
তিনি আরও জানান, আইসিইউ শয্যাসংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মার্চের শেষ দুই সপ্তাহেই আইসিইউ সুবিধা না পেয়ে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে গত মার্চে নেহা নামে দুই মাস বয়সী আরেক শিশুও আইসিইউ না পেয়ে মারা যায়। মৃত্যুর কয়েকদিন পর তার পরিবারকে আইসিইউ বেড খালি হওয়ার খবর দেওয়া হয়েছিল।


















