পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান
পঞ্চগড়ের জগদল ডিগ্রী কলেজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি বলেন, সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এবারের জাতীয় বাজেটে শিক্ষা খাতে তুলনামূলক বেশি বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে দেশের প্রতিটি জেলায় ভাষা বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
জগদল ডিগ্রী কলেজের সভাপতি অ্যাডভোকেট আদম সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মজিদ, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এমপি ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় তিনি ফলজ ও বনজ গাছের চারা—জলপাই ও মেহগনি-রোপণ করেন।



















