নালিতাবাড়ীতে মসজিদে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর: ইমামসহ মুসল্লি আহত, থানায় অভিযোগ
- আপডেট সময় : ০১:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে মসজিদে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর: ইমামসহ মুসল্লি আহত, থানায় অভিযোগ
আযান বন্ধের হুমকি, মাইক সেট ভাঙচুর ও হামলার ঘটনায় মুসল্লিদের ক্ষোভ- তদন্তের আশ্বাস পুলিশের
শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদে ঢুকে নেশাগ্রস্তদের হামলায় ইমাম ও দুই মুসল্লি আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
রবিবার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে — ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া — নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশে বলেন,
“আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না, আমাদের অনুমতি ছাড়া আযান হবে না।”
ইমাম শফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে তারা ভয়ভীতি প্রদর্শন করে। পরে আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে ওই তিনজন মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে।
এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাধা দিতে গেলে তারাও মারধরের শিকার হন। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, “আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















