নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, স্বতন্ত্র প্রার্থী টিপুকে জরিমানা
- আপডেট সময় : ০৬:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৯৯ বার পড়া হয়েছে

নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, স্বতন্ত্র প্রার্থী টিপুকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ১০ হাজার টাকা অর্থদণ্ড, মুচলেকা আদায়
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না—এ মর্মে মুচলেকাও দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর আয়োজিত নির্বাচনী সভায় এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় তার এক সমর্থক অপর এক নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন।
জানা গেছে, শনিবার বিকেলে আজিমনগর রেলস্টেশন এলাকায় নির্বাচনী পথসভার আয়োজন করেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। ওই সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে দলেরই এক নেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিএনপি।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমাদের নজরে এসেছে। দায়িত্বশীল পদে থেকে তিনি কোনোভাবেই দলের প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন বক্তব্য দিতে পারেন না। বিষয়টি কেন্দ্রে অবহিত করা হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।




















