নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতেই শিক্ষার্থীদের দু’গ্রুপের হাতাহাতি, সমাবেশ মঞ্চ ভাংচুর
- আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতেই শিক্ষার্থীদের দু’গ্রুপের হাতাহাতি, সমাবেশ মঞ্চ ভাংচুর
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময়কালে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও পরে পৃথকস্থানে সমাবেশ মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে দুপুর ২ টার দিকে পূর্ব নির্ধারিত সমাবেশের স্থান নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে সমাবেশ মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আয়োজক সুত্রে জানা গেছে, অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সভায় আলোচনা শুরু হলে অন্য গ্রুপের শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়ে। এরপর সবাইকে চেয়ারে বসতে বলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরী হয় এবং পরক্ষণেই হাতাহাতির ঘটনা ঘটে। এসময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছে তাদেরকে এড়িয়ে আজকের আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রতিবাদও করেন।
শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর দুপুর ২টার দিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশের ম ভাংচুর চালানো হয়। পরে বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় সমন্বয়করা সেখানে আয়োজিত সমাবেশে গিয়ে বক্তব্য রাখেন।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শিশির মাহমুদ জানান, ছাত্রদের সংগ্রামকে বিতর্কিত করতে একটি চক্র পরিকল্পিতভাবে বিমৃঙ্খলা করছে। তারা আমাদের মঞ্চ ভাংচুর করেছে।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মঞ্চ ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।




















