নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৩৯৫ বার পড়া হয়েছে

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের চিনিশিল্প টিকিয়ে রাখা ও আখচাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, প্রধান সিপিই ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান টিএস মনজুরুল হক, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী বাদশা, সহ মিলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “আখচাষের উন্নয়ন ছাড়া দেশের চিনিশিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য আখচাষিদের প্রতি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও মনোযোগী হতে হবে।”
তারা আরও বলেন, “চিনিশিল্পকে পুনরুজ্জীবিত করতে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, উৎপাদন খরচের ভারসাম্য রক্ষা এবং মিলগুলোর আধুনিকীকরণে উদ্যোগ নেওয়া সময়ের দাবি।”
এসময় আখচাষি ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু রাখা,
আখের ন্যায্য মূল্য নির্ধারণ, চাষিদের বকেয়া অর্থ দ্রুত পরিশোধ, কৃষকদের প্রণোদনা প্রদান, চিনিশিল্পে দক্ষ জনবল নিয়োগ এবং গবেষণায় আধুনিক পদ্ধতি প্রবর্তন।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা ও চাষিদের আন্তরিক অংশগ্রহণে দেশের চিনিশিল্প আবারও ঘুরে দাঁড়াবে।




















