দেবীগঞ্জে সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৪:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়; জেলা প্রশাসক বলেন, প্রাথমিক তালিকায় নাম নেই
পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম আসসাদ আলী। তিনি বর্তমানে লক্ষীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে তিনি পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক নির্বাচনী জনসভায় তাকে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন এমনভাবে বক্তব্য দিতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আসসাদ আলী বলছেন, “ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। যেই দলটি আপনার মা-বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলতেছে, এই দলটিকে—দাঁড়িপাল্লাকে—১২ তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট চেয়ে আজাদ ভাইয়ের গলায় জয়ের মালা আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করছি।”
উল্লেখ্য, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত ২৭ জানুয়ারির সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম উল্লেখ রয়েছে।
অভিযুক্ত আসসাদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানেরও মন্তব্য নেওয়া যায়নি।
পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামন বলেন, “এখনো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত হয়নি। আসসাদ আলীর নাম সহকারী প্রিজাইডিং অফিসারের প্রাথমিক তালিকাতেও নেই।”




















