সতেরোই নভেম্বর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন হয়ে রইল: মোহনপুরে কর্মীসভায় মিলনের মন্তব্য
- আপডেট সময় : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

সতেরোই নভেম্বর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন হয়ে রইল: মোহনপুরে কর্মীসভায় মিলনের মন্তব্য
পবা–মোহনপুরে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের বক্তব্য— “ফ্যাসিস্ট সরকারের পতনের রায় ভবিষ্যতে দায়িত্বশীলদের জন্য বার্তা”
১৭ নভেম্বর (২০২৫) সোমবার বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ঘোষিত দণ্ডাদেশ বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা।” তিনি আরও বলেন, এই রায়ে আমৃত্যু কারাদণ্ড ও ফাঁসির রায়ের পাশাপাশি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন পাঁচ বছরের সাজা পেয়েছেন—যা ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্বশীলদের জন্যও একটি বার্তা বহন করে।
মিলন বলেন, “এখানকার মেরাজকে হত্যা করা হয়েছে, কে করেছে তা সবাই জানে। ওই ব্যক্তি পুরো পবা–মোহনপুরকে অস্থিতিশীল করে তুলেছিল।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের ইঙ্গিতেই এলাকায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি দাবি করেন, পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীরা এখন দেশ ছাড়া। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর নির্যাতনের মধ্যেও দেশ ছেড়ে পালায়নি। “মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া শত নির্যাতনের পরও দেশ ছাড়েননি। বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, জেল খেটেছেন—এরপরও দেশের মানুষের পাশে থেকেছেন,” বলেন মিলন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের নেতৃত্ব দিচ্ছেন। আর গত ৫ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা পালাতে সহায়তা করলেও পরদিন দলের প্রধান নিজেই দেশ ছেড়ে চলে যান— যা দেশপ্রেমহীনতার পরিচায়ক বলে মন্তব্য করেন তিনি।
বক্তৃতায় মিলন বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও জামায়াতে ইসলামী নানা ‘তালবাহানা’ করছে। “একদিকে তারা বেহেশতের টিকিট দেখাচ্ছে, অন্যদিকে ইউনিয়ন থেকে এমপি পর্যন্ত প্রার্থী দিচ্ছে—এটি জনগণের সঙ্গে প্রতারণা,” মন্তব্য করেন তিনি।
তিনি নেতাকর্মীদের তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে থাকার আহ্বান জানান এবং প্রতিটি কেন্দ্রে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—
সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়বুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হাকিম
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাতেও মিলন মোহনপুরের ভাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি কর্মীসভায় বক্তব্য দেন।




















