গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক
- আপডেট সময় : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) গোদাগাড়ী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৪৬) বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি করেন। এতে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পলাতক আসামি মো. সারিকুল মেম্বারের (৪০) নেতৃত্ব ও নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও মশাল নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় সাক্ষী ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে। তবে মামলার প্রধান অভিযুক্ত সারিকুল মেম্বারসহ অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক ১৫ জনের মধ্যে ১০ জনই অপ্রাপ্তবয়স্ক। বাকি পাঁচজনের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের সবার বাড়ি গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে মামলার অভিযোগ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।






















