মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনার আহ্বান
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর উল্লেখ করে তিনি বলেন, মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলামের শিক্ষা মানুষের হৃদয়ে ধারণ করাতে হবে।
মাহফিলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার ওপর গুরুত্ব
প্রতিমন্ত্রী বলেন, তারা কোনো মাহফিলের বিরুদ্ধে নন; বরং মাহফিল আয়োজনকে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, প্রতিটি মাহফিলে এমন নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য না দিয়ে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে সৎপথের দিশা দেবেন। কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হওয়া উচিত মাহফিলের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এলাকায় এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করতে হবে, যারা কোরআন-হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে সক্ষম। তাদের মাধ্যমে মাহফিল আয়োজন করা হলে তা স্বাগত জানানো হবে।
প্রতিমন্ত্রীর মতে, ধর্মীয় অনুষ্ঠান হওয়া উচিত ইসলামের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচারের মাধ্যম। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে ধর্মীয় শিক্ষার সঠিক চর্চা নিশ্চিত করতে আলেম-ওলামা ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা
পঞ্চগড় জেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যরা।
পঞ্চগড় জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ রফিকুল ইসলাম সরকার। এ ছাড়া আলেম-ওলামা এবং বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।























