দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ
- আপডেট সময় : ১০:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের পেটব্যথা, মাথা ঘোরা ও খিচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ‘আরডি’ ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো হয়ে যাওয়ার বিষয়টি শিক্ষকদের নজরে আসে।
বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানানো হয়। পরে তিনি বিদ্যালয়ে এসে নিজে ওই দুধ পান করে পরীক্ষা করেন। বিদ্যালয় সূত্রের দাবি, দুধে সমস্যা নেই জানিয়ে তিনি শিক্ষার্থীদের তা পান করতে বলেন।
এর কিছুক্ষণ পর দুধ পান করার প্রায় পাঁচ মিনিটের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলেন, দুধ পান করার পর তাঁর মাথা ও পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, দুধ বিতরণের সময়ই কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধ দইয়ের মতো দেখতে পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দুধ বিতরণ না করার কথাও বলা হয়েছিল। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে দুধ পান করার পর শিক্ষার্থীদের দুধ খেতে বলেন। এরপরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিমল দেবনাথ বলেন, এখন পর্যন্ত ১৬ থেকে ১৭ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অনেকেই ভালো আছে। তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি দেখেছেন। দুধের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



















