দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ
- আপডেট সময় : ১১:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামীর জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো হলো—আসন্ন শারদীয় দুর্গাপূজা, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আউলিয়াপুর ইউনিয়নের দুটি পক্ষের মধ্যে চলমান বিরোধ।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়টি তারা আলোচনায় গুরুত্ব দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও পূজাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
উপনির্বাচন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন। প্রশাসন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান। ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণের কথা রয়েছে।
আউলিয়াপুর ইউনিয়নের বিরোধ প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা, যাতে বিরোধের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করা যায়।
সাক্ষাতের সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সেক্রেটারি মুহাম্মাদ আলমগীর, সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দীন আহমেদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

















