রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৯:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র্যালি, সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ‘নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি পালনে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফেস্টুন ও ব্যানারসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটন।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।
র্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















