ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে কুচনীপাড়া মৌজায় দীর্ঘদিনের বসতভিটা ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন মো. আহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুচনীপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে বিরোধীয় সম্পত্তির বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে আহাম্মদ শরীফ বলেন, তার পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে কুচনীপাড়া মৌজার ওই এলাকায় বসবাস করে আসছে। সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছেন। বিরোধীয় সম্পত্তির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ সংক্রান্ত ক্রয় দলিল, নামজারি ও খাজনা পরিশোধের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।
আহাম্মদ শরীফের দাবি, সম্প্রতি মৃত উমর আলীর ছেলে লিয়াকত আলী ও সাদিকুর রহমান এবং মৃত আব্দুল করিমের ছেলে শাহজালালের সঙ্গে ওই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুরের আদালতে পিটিশন মামলা নং-৪০২/২০২৬ দায়ের করা হয়েছে।
তার লিখিত বক্তব্য অনুযায়ী, ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ঝিনাইগাতীর কুচনীপাড়া মৌজার ৫৭ শতাংশ জমিকে বিরোধীয় তফসিলভুক্ত করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে নোটিশ জারির পরও প্রতিপক্ষের লোকজন তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন আহাম্মদ শরীফ। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং বিরোধীয় জমি জবরদখলের চেষ্টার অভিযোগও করেন তিনি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
আহাম্মদ শরীফ বলেন, তারা কোনো ধরনের সংঘাতে জড়াতে চান না বা আইন নিজের হাতে তুলে নিতে চান না। দলিলপত্র, নামজারি, খাজনা পরিশোধের কাগজপত্র এবং দীর্ঘদিনের বসবাস ও ভোগদখলের বিষয়গুলো যাচাই করে আইনানুগভাবে বিরোধ নিষ্পত্তির দাবি জানান তিনি।
একই সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখা, জোরপূর্বক দখল পরিবর্তন বা অনধিকার প্রবেশ ঠেকানো এবং হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে আহাম্মদ শরীফ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আদালতের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ ও আইনানুগ নিষ্পত্তির প্রত্যাশা জানান তিনি।



















