দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের
- আপডেট সময় : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বিএনপি ঘুমিয়ে নেই। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ বিভিন্ন ধরনের আঁতাতের মাধ্যমে পতিত স্বৈরাচারী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে সোনালী ব্যাংকের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তারা ৭১-কে বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ অনেকে।
সমাবেশে যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জামায়াত জোটকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি পক্ষ নিজেদের মধ্যে মন্ত্রণালয় ও মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করেছিল বলে তিনি মনে করেন। তাঁর দাবি, নির্বাচনে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরও কিছু রাজনৈতিক পক্ষ সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য এবং বাইরে ভিন্ন বক্তব্য দিচ্ছে। তাঁর অভিযোগ, তারা সরকারের বিরুদ্ধে কথা বললেও অতীতে দেশকে অস্থিতিশীল করার জন্য দায়ী বলে বিএনপি যাদের মনে করে, তাদের বিরুদ্ধে একইভাবে কথা বলছে না।
ফরহাদ হোসেন আজাদ আরও অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময়ও ওই পক্ষগুলোর সঙ্গে পতিত স্বৈরাচারী শক্তির আঁতাত ছিল বলে বিএনপি মনে করে। তিনি বলেন, নতুন নতুন সম্পর্ক তৈরি করে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে তাদের ধারণা।
এর আগে প্রতিমন্ত্রী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সমাবেশ শেষে সোনালী ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড় এমআর কলেজ মোড় হয়ে শেরেবাংলা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।



















