তেঁতুলিয়ায় ইয়াবাসহ চারজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
- আপডেট সময় : ১০:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

তেঁতুলিয়ায় ইয়াবাসহ চারজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বেচাকেনায় ব্যবহারের অভিযোগে একটি পুরোনো মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ এলাকায় এ অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া মডেল থানার একটি রাত্রিকালীন মাদকবিরোধী দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বকশিপাড়া এলাকার মানিক হোসেন (৩৬) ও রাজ্জাক (২৫), বড় দলুয়াগছ এলাকার সুখেন চন্দ্র রায় (২৮) এবং সোনাকান্দর এলাকার সোহেল রানা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শালবাহান থেকে কালান্দিগছগামী পাকা সড়কের পাশে সুখেন চন্দ্র রায়ের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বেচাকেনায় ব্যবহারের অভিযোগে একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৩টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



















