পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু তাহের নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের জগদল বাজার এলাকার জসিম উদ্দীনের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু তাহের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের পঞ্চগড় সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ওসি আরও বলেন, আবু তাহেরের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা রয়েছে। মামলাটি সদর থানার মামলা নম্বর-৩৯, তারিখ ১৬ আগস্ট; জিআর নম্বর-৩৬৯।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই চন্দন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদ শেষে আবু তাহেরকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোখলেছুর রহমান।























