ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু
- আপডেট সময় : ০৯:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তমা খাতুন (২০) মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভেড়ামারার গোলাপনগর এলাকায় তিনি অপহরণ ও ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে।
নিহত তমা খাতুন ভেড়ামারার গোলাপনগর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোলাপনগর বাজারের একটি পার্লার থেকে সেজেগুজে নিজ বাড়ি ফকিরাবাদ বখশীপাড়ায় ফিরছিলেন তমা। পথে কয়েকজন মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে একটি সংঘবদ্ধ দল নির্যাতন করে। পরে রাত ১২টার দিকে বখশীপাড়ার একটি নির্জন মোড়ে তাকে ফেলে রেখে যায় তারা।
পরিবারের সদস্যরা রাত সাড়ে ১২টার পর তমাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অপহরণের পরদিন তমার মা কাজলী খাতুন লিখিত অভিযোগ করেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে গোলাপনগর এলাকার আবু বক্করের সঙ্গে তমার বিয়ে হয়। প্রায় দেড় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তমাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাবেক স্বামী আবু বক্করের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
তমার মামাতো ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, তমাকে গোলাপনগর বাজার থেকে অপহরণ করে নির্যাতনের পর মুমূর্ষু অবস্থায় একটি নির্জন স্থানে ফেলে যাওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টতার অভিযোগে নিহত তমার সাবেক স্বামী আবু বক্করকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



















