পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত
- আপডেট সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের সিনেমা হল মার্কেট সংলগ্ন এলাকা ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে এ হামলার ঘটনা ঘটে। এতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের সমর্থক দুই বিএনপি নেতা আহত হয়েছেন।
আহতরা হলেন পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম ইরানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার রাতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থক কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিককে নিয়ে সংবাদ সম্মেলন শেষে সিনেমা হল মার্কেট এলাকায় চা খেতে যান। সেখানে নওশাদ জমিরের কয়েকজন সমর্থকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা আরিফুল ইসলাম ইরানের ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও তাঁর পক্ষের নেতাকর্মীরা দাবি করেন। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
অন্যদিকে, বাজার থেকে বাড়ি ফেরার পথে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ওপর হামলা ও তার মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাকেও আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রেজওয়ানুল্লাহ বলেন, আরিফুল ইসলাম ইরান নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার পেটের নিচের অংশে আঘাতের চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরেকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান বলেন, কয়েকজনকে নিয়ে তিনি সিনেমা হল এলাকায় চা খেতে গিয়েছিলেন। সেখানে ময়নুল ইসলাম, দীপুসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ইরান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অকথ্য ভাষায়’ বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন। এর প্রতিবাদে তাঁরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তবে ইরান ও হারুনের ওপর কারা হামলা করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল চলছে।
উল্লেখ্য, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। এর পর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।


















