পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের সোহেল ওরফে সুয়েল (২৫), পিতা মসলিম উদ্দীন এবং রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩), পিতা জাহিদুল ইসলাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী পঞ্চগড় সদর উপজেলার শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে যাতায়াতের পথে সোহেল তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে ওই শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের দাবি, আসামিদের হুমকি ও মানসিক চাপে পরদিন ১২ সেপ্টেম্বর সকালে ওই শিক্ষার্থী বাড়িতে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে।
মামলার বাদী নিহত শিক্ষার্থীর বড় ভাই বলেন, তার ছোট বোনকে কৌশলে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। পরে আসামিদের হুমকির কারণে সে বিষপান করতে বাধ্য হয়েছে বলে তাঁদের অভিযোগ। তিনি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















